উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাঝরাতে ভয়াবহ আগুন

by Abid

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে ৫ নম্বর ক্যাম্পের ‘ই-৫’ ব্লকে এই আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ দেড় ঘণ্টার প্রাণান্তকর চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে রোহিঙ্গাদের ৩৫টি বসতি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ভোররাত ৩টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় উখিয়া ফায়ার স্টেশন। তাৎক্ষণিকভাবে উখিয়া ফায়ার স্টেশনের ৩টি এবং স্যাটেলাইট ফায়ার স্টেশনের ১টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুনের লেলিহান শিখা আরও ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয় এবং প্রায় ১৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সম্ভাব্য উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরগুলোতে এ নিয়ে চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বারবার এমন ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগের অগ্নিকাণ্ডগুলোতে প্রায় ৫ শতাধিক বসতি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা আশ্রয়হীন রোহিঙ্গাদের সংকটকে আরও ঘনীভূত করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222