এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদী থেকে আমিনুল ইসলাম খোকা (৭০) নামে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌথানা পুলিশ। গত ৯ ফেব্রুয়ারি ওই বৃদ্ধ তার অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে নৌকা থেকে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার খানপাড়া এলাকার যমুনা নদী থেকে ১১ দিন ধরে নিখোঁজ থাকা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তিনি সানন্দবাড়ির মোল্লার চর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মন্ডল বাজার খানপাড়া এলাকার যমুনা নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এক নৌকার মাঝি সেটি আটকে রাখেন। পরে খবর পেয়ে বাহাদুরাবাদ নৌথানা পুলিশ লাশটি উদ্ধার করে। সংবাদ পেয়ে সানন্দবাড়ি থেকে আত্মীয়-স্বজন এসে লাশ শনাক্ত করেন।
নিখোঁজ বৃদ্ধের স্বজনরা জানান, গত ৯ ফেব্রুয়ারি সানন্দবাড়ি মোল্লার চর এলাকার আমিনুল ইসলাম খোকা (৭০) নিখোঁজ হন। সেদিন গাইবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীকে দেখতে নৌকাযোগে মোল্লার চর থেকে বালাসী ঘাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। যাত্রাপথে যমুনা নদীর মাঝখানে তার মাথা ঘুরে নৌকা থেকে পড়ে যান। পরে তাকে নদী থেকে তোলার চেষ্টা করেও নৌকার যাত্রীরা ব্যর্থ হন। সেদিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
নৌথানা পুলিশ জানায়, শুক্রবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাহাদুরাবাদ নৌথানা পুলিশ লাশ উদ্ধার করে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যার দিকে খানপাড়া থেকে লাশ নিয়ে স্বজনরা সানন্দবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বাহাদুরাবাদ নৌথানা পুলিশ বিষয়টি তদারকি করছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এমএআর/
