কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম হাবিবুর রহমান। তিনি উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া এলাকার মৃত ফরিদ মেম্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের আগে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী স্লোগান কর্মসূচি পালন করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে হাবিবুর রহমানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এমএআর/
