ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন চারজন গ্রামবাসী। আহতরা হলেন—আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। তারা সবাই চরলাপাং গ্রামের বাসিন্দা।
রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগরের মেঘনা নদীতে ‘সামিউল ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। তবে অভিযোগ রয়েছে, ইজারার নির্ধারিত সীমা অতিক্রম করে তারা চরলাপাং গ্রামসংলগ্ন এলাকায় বালু তুলছিলো। এতে গ্রামের কৃষিজমি ও আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
রোববার সকালে পুনরায় ওই এলাকায় বালু উত্তোলনের চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকাযোগে একদল ব্যক্তি এসে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটেছে।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএআর/
