সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনিরাপদ ও পরিত্যক্ত গভীর নলকূপগুলো আগামী তিন মাসের মধ্যে ভরাট করার নির্দেশ দিয়েছেন হইকোর্ট।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আদালত একইসঙ্গে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। তিনি শুনানিতে দেশের বিভিন্ন প্রান্তে পরিত্যক্ত নলকূপে পড়ে একের পর এক শিশুর মর্মান্তিক মৃত্যুর চিত্র তুলে ধরেন। বিশেষ করে ২০১৪ সালে রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যু, ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে শিশু সাজিদের প্রাণহানি এবং চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজানে শিশু মিসবাহর মৃত্যুর ঘটনাগুলো আদালতকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন গণমাধ্যমকে জানান, উন্মুক্ত ও পরিত্যক্ত গভীর নলকূপগুলো একেকটি মরণফাঁদে পরিণত হয়েছে। এই ঝুঁকি দূর করতে আদালত কঠোর অবস্থান নিয়েছেন। আগামী ৯০ দিনের মধ্যে সারা দেশের সকল পরিত্যক্ত নলকূপ ভরাট নিশ্চিত করে এর অগ্রগতি আদালতকে জানাতে হবে।
টিএইচএ/
