এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)
জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা দুই জনের মৃত্যু হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে মেলান্দহ উপজেলার মিয়ারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জলের ছেলে আকাশ (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতো।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান- রাত দুইটার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে বাড়ীর দিকে ফিরছিলেন কাজল মিয়া ও আকাশ মিয়া। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিয়ারপাড়া এলাকার নৈশ প্রহরী নুর ইসলাম জানান- হঠাৎ শব্দ শোনে কাছে গিয়ে দেখি একজন মারা গেছে, অন্যজনের অবস্থা ভালো না। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন- খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বাইক দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এনআর/
