‘পরিবেশ সুস্থ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই’

by Fatih Work

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): নিজেকে এবং পরিবেশকে সুস্থ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেছেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই এবং এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

শনিবার (১৪ মার্চ) সকালে জামালপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মামুন আরও স্মরণ করিয়ে দেন যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেকের অবশ্য কর্তব্য।

বিজ্ঞাপন
banner

সংসদ সদস্য তার বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধ অভিযান যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের প্রধানকে নিজ নিজ অফিস কক্ষ থেকে শুরু করে আঙিনা পর্যন্ত পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। একইসাথে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ব্যক্তিকে নিজের বাড়ি-ঘর পরিষ্কার রাখতে হবে যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির প্রথম দিনে সদর উপজেলার শরিফপুর উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও জামালপুর উচ্চ বিদ্যালয় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশা নিধনে স্প্রে করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ইউসুপ আলী জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রতি সপ্তাহের শনিবার জেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, সমাজ ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম এবং সাযযাদ আনসারী। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222