নরসিংদীতে অনুমোদনহীন দুই হাসপাতালে অভিযান

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীতে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের তরোয়া ও বাসাইল এলাকায় পরিচালিত এই অভিযানে একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে এবং অপর একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, জেলা পুলিশ, র‍্যাব-১১ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

অভিযান চলাকালে বাসাইল এলাকার ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালে দেখা যায়, ২০১৮ সালের পর থেকে প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া ডিউটিরত কোনো ডাক্তার, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না এবং হাসপাতালের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। এসব গুরুতর অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী সাত দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের কঠোর নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, নরসিংদী সদরের তরোয়া এলাকায় অবস্থিত ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় বলে জানা গেছে। হাসপাতালটির লাইসেন্স নবায়ন ছিল না এবং ল্যাব পরিচালনারও কোনো বৈধ অনুমোদন পাওয়া যায়নি। এছাড়া অপারেশন থিয়েটার ও লেবার রুমের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও চিকিৎসা অনুপযোগী। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকাসহ সামগ্রিকভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষার প্রমাণ পাওয়ায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের মালামাল জব্দ করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল ও মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা আইন অমান্য করা কোনোভাবেই সহ্য করা হবে না। স্বাস্থ্যখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222