এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক মামলায় হাজিরা দিতে আসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি সহ ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুর ১২টায় জামালপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোস্তাফিজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে পাঠানো আসামিদের মধ্যে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল এবং উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুনসহ স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, মনজুরুল, মোফাজ্জল, জুয়েল, সোহাগ, তোতা ফকির ও বাশেদ আলী।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩১ জন নামীয় নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২২০ জনকে আসামি করা হয়। পরবর্তীতে ইসলামপুর থানা পুলিশ মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটভুক্ত ওই ১০ আসামি রোববার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেন।
টিএইচএ/
