ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের চারটি দরজা

by Abid

ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তনগর ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে রেললাইনের পাশে পার্ক করা একটি ট্রাকের ধাক্কায় বড় ধরনের যান্ত্রিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

রোববার (১৯ এপ্রিল) বেলা ১টা ৫১ মিনিটের দিকে পটিয়া স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ৫টি বগির অন্তত ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪টি দরজা পুরোপুরি খুলে মাটিতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
banner

দোহাজারী রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দোহাজারী স্টেশনে এসে পৌঁছালে চালক ও গার্ডের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানা যায়। খরনা ও কাঞ্চননগর স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের ডান পাশে একটি ট্রাক পার্ক করার সময় হঠাৎ ট্রাকের পেছনের অংশের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে ট্রেনের বগিগুলোর ব্যাপক ক্ষতি হয়। কিছু দরজা বগির সঙ্গে ঝুলে থাকতে দেখা গেছে এবং ৪টি দরজা দুর্ঘটনাস্থলেই খুলে পড়ে যায়। ট্রেনটি দোহাজারী স্টেশনে থামার পর কারিগরি দল প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে। প্রায় ২৫ মিনিট বিলম্বের পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনটির দায়িত্বরত গার্ড ওমর ফারুক জানান, রেললাইনের একদম গা ঘেঁষে ট্রাকটি পার্ক করার কারণেই এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। ট্রেনের ৫টি বগি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত ভেতরে থাকা যাত্রীরা অক্ষত আছেন। এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে এবং এর পেছনে কার দায় রয়েছে তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রেললাইনের পাশে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন পার্কিংয়ের বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে রেলওয়ে কর্তৃপক্ষ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222