অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন রাজশাহী নার্সিং কলেজের (আরএনসি) শিক্ষার্থীরা।
সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ প্রাঙ্গণে টানা তৃতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করেন তারা। গত শনিবার থেকে শুরু হওয়া এই আন্দোলনে শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।
সোমবার শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। সংগঠনের পক্ষ থেকে সাবেক সহ-সংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান এবং মেহেদি হাসানসহ বেশ কয়েকজন উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দিন ধরে কলেজে স্থায়ী অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, যা তাদের শিক্ষা জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
উল্লেখ্য, গত শনিবার অবস্থান কর্মসূচি শুরু করার সময় শিক্ষার্থীরা অধ্যক্ষ নিয়োগের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সোমবার সেই আল্টিমেটামের শেষ দিন হলেও বিকেল পর্যন্ত অধিদপ্তর থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এর ফলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখন থেকে কলেজে ক্লাস, সকল ধরনের পরীক্ষা এবং হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। প্রশাসনের উদাসীনতা অব্যাহত থাকলে রাজপথ অবরোধের মতো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
টিএইচএ/
