অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগকালে মারা যাওয়া এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়। মৃত ওই যুবকের নাম শিপন হাওলাদার (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হলে তাকে সেখানকার পুলিশে সোপর্দ করা হয়। এরপর ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা জেলা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার শিপন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর একটার দিকে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ হস্তান্তরকালে ভারতীয় বিএসএফের পক্ষে ঢালু কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বাংলাদেশের বিজিবি’র পক্ষে হাতিপাগার ক্যাম্পের সুবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি আশরাফুজ্জামান বলেন, বিএসএফের পক্ষ থেকে মরদেহ হস্তান্তরের পর আমরা মৃতের ছোট ভাই রিপন হাওলাদারের কাছে মরদেহটি হস্তান্তর করেছি।
টিএইচএ/
