খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা

by naymurbd1999@gmail.com

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খাবার হোটেলের আড়ালে চলছে মাদকের রমরমা ব্যবসা । দীর্ঘদিন ধরে চলা খাবার হোটেলের পেছনে মাদক ব্যবসার অভিযোগ পেয়ে অভিযান চালায় র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান- র‌্যাব-১। অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে তারা।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় অবস্থিত ‘মারিয়া হোটেল’-এ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুরের মতলব উপজেলার দাদন মিয়া (৩৮) ও নাটোর সদর উপজেলার শিহাব উদ্দিন (২২)। দাদন মিয়া হোটেলটির মালিক এবং শিহাব তার কর্মচারী।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় হোটেলের আড়ালে মাদক কেনাবেচা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের পূর্বাচল র‍্যাব ক্যাম্প-১-এর একটি দল মারিয়া হোটেলে অভিযান চালায়। অভিযানের সময় হোটেল থেকে সামান্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পরে হোটেল মালিক দাদন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার হরতকিতলা এলাকার ‘সিকদার মহল’ নামের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে খাটের নিচে প্লাস্টিকের তিনটি বস্তায় লুকিয়ে রাখা ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ১৫ হাজার টাকা।

বুধবার সকালে গ্রেপ্তার দুই আসামিকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222