রুয়েটে খাবারে ভেজাল, বাবুর্চি পুলিশে সোপর্দ

by Abid

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসের ‘বাংলা টিফিন’ ক্যান্টিনে রান্না করা খাবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতিরিক্ত লবণ মেশানোর সময় এক বাবুর্চিকে হাতেনাতে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। সিসিটিভি ফুটেজে খাবারে ভেজাল মেশানোর দৃশ্য ধরা পড়ার পর তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
banner

ক্যান্টিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিক্ষার্থীদের জন্য প্রস্তুতকৃত খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশানোর সময় সিসিটিভি ক্যামেরায় আব্দুর রাজ্জাকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। তাৎক্ষণিকভাবে ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পরবর্তীতে খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবুর্চিকে হেফাজতে নেয়। তদন্ত সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, ক্যান্টিনের খাবারের মান নিয়ে অসন্তোষ সৃষ্টি করে ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে খাবারে এই ভেজাল মেশানো হচ্ছিল।

বাংলা টিফিনের স্বত্বাধিকারী মোর্শেদ জানান, কাজলা শাখায় তারা দীর্ঘ সময় ধরে সুনামের সঙ্গে সেবা দিলেও রুয়েট শাখায় সম্প্রতি খাবারে মাছি পাওয়া বা স্বাদের ভিন্নতাসহ নানা অভিযোগ আসছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে নজরদারি বাড়াতে গিয়েই আজকের এই অপ্রীতিকর ঘটনাটি ধরা পড়ে। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুয়েট সংলগ্ন এলাকার অন্য একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। এতে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার জেরে তৃতীয় কোনো পক্ষের প্ররোচনায় তিনি এই নাশকতামূলক কাজ করে থাকতে পারেন।

এ বিষয়ে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং খাবারে ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতিকারক উপাদান বা অতিরিক্ত লবণ মিশিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, রুয়েটে এই ক্যান্টিন চালুর পর থেকেই খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল, যা এখন নতুন করে আলোচনায় উঠে এলো।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222