টসে হেরে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষ দিকের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের ১৮২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৮২ রান। বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। তবে এদিন ভাগ্য সহায় ছিল না তরুণ পেসার রিপন মন্ডলের, উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেও ফিল্ডারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত তাকে উইকেটশূন্য থাকতে হয়েছে।
নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা ছিল বেশ বিধ্বংসী। শরীফুল ইসলামের করা প্রথম ওভার থেকেই সফরকারীরা তুলে নেয় ১১ রান। দ্বিতীয় ওভারে তাওহীদ হৃদয়ের সরাসরি থ্রোতে রবিনসন রানআউট হলেও কিউইদের রানের গতি কমেনি। পাওয়ার প্লের ৬ ওভারে ৬১ এবং প্রথম ১০ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করে দলটি। তবে দশম ওভারে রিশাদ হোসেনের বলে ডেন ক্লিভার আউট হলে ম্যাচের চিত্র বদলাতে শুরু করে। ১১ থেকে ১৫তম ওভারের মধ্যে মাত্র ৩০ রান যোগ করতেই নিউজিল্যান্ড আরও ৪টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে। কিউইদের পক্ষে ক্লিভার ও ফক্সক্রফট উভয়েই ৫১ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া কেলি ৩৯ ও ক্লার্কসন অপরাজিত ২৭ রান করেন।
ইনিংসের শেষ ওভারে রিপন মন্ডল চমৎকার বোলিং করে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের হাত খুলতে দেননি। ওভারের পঞ্চম বলে ক্লার্কসন ক্যাচ তুলে দিলেও রিশাদ হোসেন তা তালুবন্দি করতে ব্যর্থ হন। ফলে ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য থেকে ইনিংস শেষ করেন রিপন। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ টি উইকেট শিকার করেন। এছাড়া মেহেদী হাসান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব প্রত্যেকে ১টি করে উইকেট নেন। শেষ ৫ ওভারে ৫২ রান তুলে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় কিউইরা। এখন দেখার বিষয় বাংলাদেশের ব্যাটসম্যানরা এই লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে আনতে পারেন কি না।
টিএইচএ/
