ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।
গত ২৪ এপ্রিল বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচের দিন এই নাশকতামূলক ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর) সিস্টেম ও ফাইবার অপটিক লিঙ্কের ক্ষতি করার ফলে স্টেডিয়ামের ২৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে পড়েছিল। এত বড় একটি টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থায় এমন ফাটল ধরার বিষয়টি সংশ্লিষ্ট মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ৩৭ বছর বয়সী মানজুনাথ এবং ১৯ বছর বয়সী আব্দুল কালাম। তারা দুজনেই ভেন্যুর ডিজিটাল ও সার্ভেইল্যান্স সার্ভিসের সাব-ভেন্ডর প্রতিষ্ঠান ‘আইভিএস ডিজিটাল সলিউশন্স’-এ কর্মরত ছিলেন। গুরুগ্রাম ভিত্তিক এআই সার্ভেইল্যান্স ফার্ম ‘স্টাকু টেকনোলজিস’-এর কর্মী আদিত্য ভাট এই ঘটনায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে যে, আটক দুই ব্যক্তি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সংরক্ষিত সিসিটিভি কন্ট্রোল রুমে প্রবেশ করেন এবং অত্যন্ত স্পর্শকাতর সরঞ্জামের ক্ষতিসাধন করেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা কন্ট্রোল রুম ও পার্কিং ফ্যাসিলিটির কাছে অবস্থিত বিভিন্ন কানেকশন বক্সের কাছে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে বকেয়া বেতন নিয়ে চরম হতাশা। অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ লাখ রুপির বেতন বকেয়া থাকায় তারা বারবার তাগাদা দিয়েও কোনো প্রতিকার পাননি। সেই ক্ষোভ থেকেই তারা স্টেডিয়ামের নিরাপত্তা সরঞ্জাম বিকল করার সিদ্ধান্ত নেন। বড় ধরনের নাশকতা বা সন্ত্রাসী কোনো উদ্দেশ্য না থাকলেও রাষ্ট্রীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ ইভেন্টের নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমানে অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার পেছনে অন্য কোনো মদদ আছে কি না, তা জানতে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে বেঙ্গালুরু পুলিশ।
টিএইচএ/
