নিজস্ব প্রতিবেদক :: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত নির্মম ঘটনার বিচার চেয়ে বিবৃতি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (৫ মে) এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আজ ৫ মে। ২০১৩ সালের এই দিনে শাপলা চত্বরে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, আমরা তা গভীর বেদনা ও শোকের সাথে স্মরণ করছি। সেই রাতে বহু নিরীহ ধর্মপ্রাণ মানুষ প্রাণ হারিয়ে শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। যেকোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এভাবে নাগরিকের জীবনহানি একটি গুরুতর মানবিক বিপর্যয়।
তারা আরও বলেন,বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য সমাজে কাম্য নয়। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। শাপলা চত্বরের সেই ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এখন সময় এসেছে শাপলার খুনীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।
তারা শাপলা চত্বরের ঘটনায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
নেতৃদ্বয় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সাথে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আল্লাহ আমাদের দেশকে ন্যায়, শান্তি ও মানবিকতার পথে পরিচালিত করুন।
