আমিরগঞ্জে অংশগ্রহণমূলক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাছুম মৃধার

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে অংশগ্রহণমূলক সমাজ গঠনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. মাছুম মৃধা। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে মাদক, জুয়া, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করে প্রতিটি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সম্প্রতি আমিরগঞ্জ ইউনিয়নে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় “আমাদের ইউনিয়ন, আমাদের দায়িত্ব” শীর্ষক সামাজিক-রাজনৈতিক ভাবনা তুলে ধরে মাছুম মৃধা এসব কথা বলেন। তিনি বলেন, একটি ইউনিয়ন শুধু প্রশাসনিক কাঠামো নয়, এটি মানুষের জীবনযাপন ও ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি। উন্নয়ন মানে শুধু দৃশ্যমান বড় বড় দালান বা অবকাঠামো নির্মাণ নয়, বরং মানুষের প্রকৃত অধিকার ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই হলো প্রকৃত উন্নয়ন। গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের উন্নয়ন হলে তবেই একটি ইউনিয়নের সুষম চিত্র ফুটে ওঠে। উদাহরণ টেনে তিনি বলেন, একটি ভালো রাস্তা যেমন একজন রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করে, তেমনি কৃষকের পণ্য বাজারজাত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন
banner

গ্রামীণ সালিশ ও সামাজিক বিচার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে রায়পুরা উপজেলা বিএনপির সাবেক এই সদস্য বলেন, বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা ও ন্যায়বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়। তাই ব্যক্তি বা দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে সত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এছাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও সামাজিক কার্যক্রমে বর্তমান প্রজন্মের তরুণদের সম্পৃক্ত করা জরুরি। কারণ আজকের তরুণরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছে, তাই তাদের মতামতকে মূল্যায়ন করা সময়ের দাবি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222