নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পন্ন

by Abid

বশির আহমেদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’— এই স্লোগান সামনে রেখে কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও ভবিষ্যৎ জাতীয় ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ফাইনাল ম্যাচ। বর্ণাঢ্য এই আয়োজনে নরসিংদী সদর উপজেলাকে পরাজিত করে শিরোপা জিতেছে রায়পুরা উপজেলা।

রোববার (১০ মে) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ও শত শত ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন
banner

জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, সাঁতার, দাবা ও অ্যাথলেটিক্সসহ মোট ১০টি ইভেন্টে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রান্তিক পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে উপজেলাভিত্তিক প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় জেলা স্টেডিয়ামে। ফাইনাল খেলায় ফুটবল ইভেন্টে নরসিংদী সদর উপজেলা ও রায়পুরা উপজেলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। সেখানে দক্ষ নৈপুণ্য প্রদর্শন করে রায়পুরা উপজেলা জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গত ২ মে সিলেট স্টেডিয়াম থেকে সারা দেশে একযোগে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় নরসিংদীতে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা এমপি।

নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কলিম মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ও সদর মডেল থানার ওসি এম এ মামুনসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই ক্রীড়া উৎসবে অংশ নেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আওলাদ হোসেন মোল্লা, জাহিদুল কবির ভূঁইয়া, রনি ফকির ও নুর আহমদ চৌধুরী মানিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222