প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়। আপনাদের এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি, আমি আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব এবং সবকিছু বিবেচনা করে যত দ্রুত সম্ভব উদ্বোধনের চেষ্টা করব।
তিনি বলেন, আসার সময় অনেকে স্লোগান দিয়েছেন, কুমিল্লা বিভাগ চাই, ঠিক আছে। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটির বাস্তবায়ন হবেই।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটের কথা বললে সেই সরকার মানুষকে গুম করে দিত। ২০২৪ সালে ছাত্র-জনতা অভ্যুত্থান করে সেই সরকারকে বিতাড়িত করেছে।
তিনি বলেন, এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। এ দেশের মানুষ পরবর্তীতে বড় এক স্বৈরচারের কবলে পড়েছিল। দেশ শুধু স্বাধীন করলেই হবে না। শুধু স্বৈরাচার মুক্ত করলেই হবে না। পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া। দেশের মানুষের ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরির নিশ্চয়তা বিধান করা। দেশের মা-বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে শিক্ষা অথবা অর্থনৈতিকভাবে সেই উদ্যোগ গ্রহণ করা। দেশের কৃষক ভাইয়েরা যাতে স্বাবলম্বী হতে পারে সেই লক্ষে কাজ করতে হবে। যেন বেকার সমস্যার সমাধান হতে পারে সেইজন্য কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ পুনর্গঠন আমরা একা সরকারের পক্ষে সম্ভব নয়। আপনারা হচ্ছেন এ দেশের জনগণ। এ দেশের মালিক জনগণ। সেজন্য মালিক যখন দায়িত্ব নিয়ে নিজের দেশের দেখভাল করে তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। এ দেশের জনগণ দায়িত্ব দিয়েছে বিএনপি নামক একটি রাজনৈতিক দলকে বিগত ১২ ফেব্রুয়ারি। আমরা আমাদের যেসব পরিকল্পনার কথা বলেছিলাম, দেশের মানুষ সেই পরিকল্পনাগুলোকে সমর্থন দিয়েছে। সেজন্য আমরা আপনাদেরকে যেসব ওয়াদা দিয়েছিলাম তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।
এনআর/
