আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সহজ হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
তিনি বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় ও সামাজিক অস্থিরতা দূর করতে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
রবিবার (১৭ মার্চ ২০২৬) খুলনার মাদরাসাতুল ফাতাহে কুরআন শিক্ষার গুরুত্ব বিষয়ক আলোচনা, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“মাদরাসাতুল ফাতাহ লি তাহফিজিল কুরআন”-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল উলূম খুলনার শিক্ষক মাওলানা আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুফতী জাকির হুসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসাতুল ফাতাহের পরিচালক মুফতী নাজমুস সাকিব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের মধ্যমনি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
হাআমা/
