আফগানিস্তানের ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিকায়নে ওআইসি’র সহযোগিতার আশ্বাস

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলোর সংরক্ষণ, পুনরুদ্ধার এবং আধুনিকায়নে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী মৌলভি আতিকুল্লাহ আজিজি কাবুলে ওআইসি’র মানবিক বিষয়ক ডেপুটি খলিল ইব্রাহিম ওকুর-এর সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে যৌথ সাংস্কৃতিক উদ্যোগ এবং আফগানিস্তানের ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
banner

বৈঠকের মূল ফোকাস ছিল ঐতিহাসিক স্থানগুলোর সংরক্ষণ, সাংস্কৃতিক নিদর্শনগুলোর ডিজিটাল থ্রিডি (3D) নথিপত্র তৈরি এবং দেশজুড়ে থাকা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা।

উপমন্ত্রী আজিজি বলেন, আফগানিস্তানের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক গৌরব রয়েছে যা বৃহত্তর ইসলামি বিশ্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

তিনি বলেন, ‘আফগানিস্তানে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন স্থান, পাণ্ডুলিপি এবং সাংস্কৃতিক সম্পদ রয়েছে, যা সংরক্ষণ করা ইসলামি দেশগুলোর একটি যৌথ সাংস্কৃতিক দায়িত্ব।’

তিনি জাতীয় গ্রন্থাগার, জাতীয় আর্কাইভস, জাতীয় জাদুঘর এবং ললিতকলা অধিদপ্তরের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য সমর্থন বাড়াতে ওআইসি’র প্রতি আহ্বান জানান।

আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রচেষ্টার প্রশংসা করে ওআইসি’র প্রতিনিধি খলিল ইব্রাহিম ওকুর বলেন, ওআইসি পুনরুদ্ধার, ডিজিটাল নথিপত্র তৈরি এবং আন্তর্জাতিকভাবে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পদের প্রচারের লক্ষ্যে আফগান প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবহারিক ও বাস্তবমুখী উদ্যোগ নিয়ে কাজ করবে।

তিনি আফগান কর্মকর্তাদের আরও আশ্বাস দেন যে, পেশাদার দক্ষতা বৃদ্ধি এবং নতুন অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে আফগান বিশেষজ্ঞদের জন্য আন্তর্জাতিক শিক্ষামূলক ও বৈজ্ঞানিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি করা হবে।

ওকুর জানান, ওআইসি আফগানিস্তানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ওপর আলোকপাত করে যৌথ কর্মসূচির মাধ্যমে ইসলামি দেশগুলো এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থাগুলোর সাথে আফগানিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে চায়।

এছাড়া, বৈঠকে সাংস্কৃতিক ও ঐতিহাসিক খাতে কর্মরত আফগান পেশাদারদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সূত্র: আরিয়ানা নিউজ

অনুবাদ: আতাউল্লাহ নাবহান মামদুহ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222