শহীদ জিয়ার শাহাদতের দিনটি জাতির জন্য এক বেদনাবিধুর অধ্যায়: জমিয়ত

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার এক যৌথ বিবৃতিতে দলটির শীর্ষ নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন। গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী শহীদ রাষ্ট্রপতির অবদানের কথা স্মরণ করেন।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে দলটির শীর্ষ দুই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে অসামান্য ও অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। দেশের তীব্র রাজনৈতিক সংকটকালে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং দেশের মানুষের বাকস্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ঐতিহাসিক ভূমিকা জাতির ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশকে মুক্ত করে এক স্বাবলম্বী বাংলাদেশ গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের শাহাদতের এই দিনটি সমগ্র জাতির জন্য এক পরম বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি শাহাদতবরণ করলেও তাঁর প্রদর্শিত পথ, আত্মত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে উৎসর্গীকৃত হয়ে কাজ করার এক অন্তহীন প্রেরণা জোগাবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহান আল্লাহ তাআলার দরবারে মরহুম নেতার রূহের মাগফিরাত কামনা করে এবং তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি হিসেবে কবুল করার জন্য বিশেষ দোয়া পেশ করে।

বিবৃতির শেষাংশে দলটির সভাপতি ও মহাসচিব বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সামাজিক ন্যায়বিচার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে দেশের সব স্তরের মানুষকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্ম থেকে গভীর দেশপ্রেম, নিঃস্বার্থ আত্মত্যাগ ও আপসহীন নেতৃত্বের শিক্ষা গ্রহণ করার জন্য তারা তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। একই সাথে দেশবাসীর প্রতি শহীদ জিয়ার রূহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়ে বাংলাদেশের স্থায়ী শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন তারা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222