সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীরা।
শনিবার (৬ জুন) সকাল হতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি ওভার ব্রিজ পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে কখনও স্থবির, কখনও বা ধীরগতিতে চলছে যানবাহন।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলা থেকে কর্মজীবী মানুষ একযোগে রাজধানীর দিকে রওনা হওয়ায় সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। শুক্রবার (৫ জুন) থেকে সৃষ্টি হওয়া এ যানজট আজ শনিবারও (৬ জুন) অব্যাহত রয়েছে। যানজটের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
তিনি আরো জানান, বিশেষ করে সঠিক সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় বিপাকে পড়ছেন গার্মেন্টস শ্রমিকরা। মহাসড়ক যানচলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
