বশির আহম্মদ মোল্লা, (নরসিংদী প্রতিনিধি)
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় বিভিন্ন পার্ক, হোটেল ও রেস্টুরেন্টে দিনব্যাপী সাঁড়াশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নরসিংদী মডেল থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে ‘শখের হাড়ি’ নামক একটি প্রতিষ্ঠানে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপের প্রমাণ পাওয়ার অভিযোগে দণ্ডবিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের আলামত জব্দ করে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় এলাকার পার্ক, হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের যেকোনো ধরনের অনৈতিক, অসামাজিক ও অশ্লীল কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান চলাকালে শিক্ষার্থীরা যেন ইউনিফর্ম পরিহিত অবস্থায় এসব স্থানে অবস্থান না করে, সে বিষয়েও সতর্ক করা হয়।
এ বিষয়ে ইউএনও আসমা জাহান সরকার বলেন, “জনস্বার্থ, সামাজিক মূল্যবোধ ও শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অসামাজিক, অনৈতিক কিংবা অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “নাগরিকদের জন্য নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এনআর/
