মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘জাতীয় বাজেট ২০২৬–২০২৭: প্রত্যাশা ও প্রস্তাবনা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং আইবিএস-এর পরিচালক প্রফেসর এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক প্রফেসর হোসনে আরা বেগম। আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আব্দুর রহিম। তিনি তার উপস্থাপিত প্রবন্ধে জাতীয় বাজেটের বিভিন্ন দিক, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে জনসাধারণের প্রত্যাশা এবং সম্ভাব্য নীতিগত প্রস্তাবনাসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। আইবিএস-এর ফেলো রাহেনা বেগমের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় বক্তারা জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে গবেষণাভিত্তিক মতামত ও জনসম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
টিএইচএ/
