ক্রীড়া ডেস্ক :: আর্জেন্টিনা বড়, তাই বলে কেপ ভার্দে কিছুতেই আত্মসমর্পণে রাজি না। তারা মাঠে লড়াইটা করে যেতে চায়। বিশ্বকাপের মঞ্চে নিজেদের ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে শনিবার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র। ম্যাচের আগে কেপ ভার্দে কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ফুটবল অঙ্গনে ‘বুবিস্তা’ নামে পরিচিত, জানিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার প্রত্যয়।
প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। এর পেছনে রয়েছে যথেষ্ট কারণও। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই গ্রুপপর্বে অপরাজিত থেকেছে মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। বুবিস্তার মতে, এখন আর তাদের দুর্বল দল হিসেবে দেখা হয় না, বরং মাঠের পারফরম্যান্স দিয়েই তারা এই সম্মান অর্জন করেছে।
আত্মবিশ্বাসী কণ্ঠে কেপ ভার্দে কোচ বলেন, ‘আমার মনে হয় আমরা বড় দলগুলোর কাছ থেকে যে সম্মান পাচ্ছি, সেটা নিজেদের যোগ্যতাতেই অর্জন করেছি।’
গ্রুপপর্বে স্পেনের পর দ্বিতীয় হয়ে নকআউটে জায়গা করে নেয় কেপ ভার্দে। সৌদি আরব ও উরুগুয়েকে পেছনে ফেলে শেষ বত্রিশে ওঠা দলটির সামনে এবার আরও বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সচেতন থাকলেও নিজেদের সামর্থ্য নিয়েও আশাবাদী বুবিস্তা।
তিনি বলেন, ‘আমরা জানি এটি খুব কঠিন ম্যাচ হবে। আর্জেন্টিনা এমন একটি দল, যারা যেকোনো প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে। কিন্তু আমাদেরও নিজেদের সেরা খেলাটা খেলতে হবে এবং সুযোগ পেলেই তাদের বিপক্ষে আঘাত হানতে হবে।’
