ক্রীড়া ডেস্ক :: বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি নামা মানেই রেকর্ডের বই ওলটপালট হওয়া। নকআউট পর্বের শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধেই যেন রেকর্ডের এক বিশাল সুনামি বইয়ে দিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একাধিক আসরে ৭ বা তার বেশি গোল করার এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড এখন মেসির দখলে।
এদিকে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৭ গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন, আর এবার চলতি আসরে মাত্র ৪ ম্যাচ খেলেই ছুঁয়ে ফেললেন সেই ৭ গোলের মাইলফলক! রেকর্ড গড়ার এই ঐতিহাসিক প্রথমার্ধে মেসির জাদুকরি গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এছাড়া আজ মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় নিজের নাম আরও উঁচুতে নিয়ে যান আলবিসেলেস্তে অধিনায়ক। এটি ছিল ফুটবল বিশ্বকাপে মেসির ৩০তম ম্যাচ, যা টুর্নামেন্টের ইতিহাসে যেকোনো ফুটবলারের জন্য সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ড। একই সঙ্গে বিশ্বকাপে রেকর্ড ২৭টি ম্যাচে শুরুর একাদশে মাঠে নামার অনন্য কীর্তিও নিজের করে নেন এই জাদুকর।
এদিন ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল আর্জেন্টিনাকে। ১৮ মিনিটে মেসির একটি ট্রেডমার্ক বাঁকানো ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। প্রথমার্ধের প্রথম ২৫ মিনিটে আর্জেন্টিনার আক্রমণে কাঙ্ক্ষিত ধার না থাকায় খেলা গড়ায় ‘হাইড্রেশন ব্রেকে’। এই ছোট বিরতিতে কোচ লিওনেল স্কালোনির দেওয়া নতুন ছকই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
পানির বিরতি থেকে ফিরেই চেনা ছন্দে ফেরে আর্জেন্টিনা। ম্যাচের ২৯তম মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে প্রতিপক্ষের জাল কাঁপান লিওনেল মেসি। এই এক গোলেই ফুটবল ইতিহাসের বেশ কয়েকটি বড় রেকর্ড নিজের করে নেন মেসি।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০টি গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন তিনি। এছাড়া বিশ্বকাপে নিজের খেলার শেষ টানা ৮টি ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য ও বিরল বিশ্বরেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।
