কুষ্টিয়া সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

by Abid vs36

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের ডিগ্রির চর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৬ জুলাই) সকালে কুষ্টিয়া-৪৭ বিজিবির উদয়নগর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস-সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে এই সফল অভিযান পরিচালনা করে। আজ দুপুর আড়াইটায় বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে উদয়নগর সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল চলাকালীন ডিগ্রির চর নামক স্থানে কিছু সন্দেহভাজন বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সদস্যরা। পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি আধুনিক বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই অবৈধ অস্ত্র ও গোলাবারুদ দৌলতপুর থানায় হস্তান্তর এবং এই বিষয়ে একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

কুষ্টিয়া বিজিবির-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এই অভিযানের বিষয়ে বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক প্রবেশ ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222