বশির আহমদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিশু একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ভিপি এম এ জলিল, বিজি রশিদ নওশের, হারুন অর রশিদ হারুন, গোলাম আকবর ও খবিরুল ইসলাম বাবুল। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া, জেলা বিএনপি নেতা আব্দুর রউফ ফকির রনি, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, শহর যুবদলের সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী সুমন এবং জেলা যুবদলের সাবেক সহসভাপতি নাসিক আহমেদ আনন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম নুরুল ইসলামের রাজনৈতিক জীবন, বলিষ্ঠ সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠাপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
টিএইচএ/
