বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী সদর পৌরসভার নাগরিয়াকান্দি ও শালিধা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশন সমস্যার নিরসনে নিজ উদ্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ। স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি লাঘবে তিনি মাটি কাটার খননযন্ত্র (বেকু) নিয়ে সরাসরি এলাকায় উপস্থিত হয়ে অবরুদ্ধ পানি বের করার কাজ শুরু করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নর্দমা বন্ধ হয়ে দীর্ঘদিন যাবত রাস্তায় পানি জমে থাকায় ওই এলাকায় চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। এতে করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগের মুখে পড়েন। স্থানীয়দের এমন দুরবস্থার কথা জানতে পেরে সিদ্দিকুর রহমান নাহিদ ব্যক্তিগত উদ্যোগে বেকু নিয়ে এসে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে ড্রেন ও পানি চলাচলের পথ সুগম করার বন্দোবস্ত করেন।
জলবদ্ধতা মুক্তকরণ কাজের সময় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ করা এখন সময়ের দাবি। একটি এলাকার যথাযথ পরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যায় এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখা এবং স্থানীয় প্রধান খালের সাথে ড্রেনের সংযোগস্থলগুলো সচল রাখার ওপর জোর দেন তিনি। একই সাথে পানি চলাচলের স্থান অবৈধ দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান। জনগণের যেকোনো সমস্যায় পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন এই ছাত্রনেতা।
ছাত্রদলের এই সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়ায় স্থানীয় এলাকাবাসী সিদ্দিকুর রহমান নাহিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে নাগরিয়াকান্দি ও শালিধা এলাকার স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে জানতে নরসিংদী পৌর প্রশাসক নাদিরা আক্তারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
টিএইচএ/
