দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জলাবদ্ধতায় কাঁদায় পরিণত হওয়া সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বাসিন্দারা।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কে কাদার ওপর ধানের চারা লাগিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১২ বছর ধরে সড়কটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে তলিয়ে যায় এবং কাদা-পানিতে একাকার হয়ে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগী পরিবহন করাও অসম্ভব হয়ে পড়েছে।
প্রায় ২ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটি সংস্কারে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। প্রতিবাদে অংশ নেওয়াদের মতে, বছরের পর বছর ধরে পানিতে ডুবে থাকা এই সড়কটি আর চলাচলের রাস্তা হিসেবে নেই, এটি যেন ধান চাষের জমিতে পরিণত হয়েছে। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘ ১২ বছরের ভোগান্তির অবসান ঘটানোর দাবি জানান স্থানীয়রা।
টিএইচএ/
