বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মাঠে নামার ঠিক আগে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে এক বিশেষ ও আবেগঘন বার্তা দিয়েছেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। হাজার হাজার মাইল দূরে অবস্থান করেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের নিঃশর্ত ভালোবাসা ও সমর্থনে অবিরাম মুগ্ধ এই মাস্টারমাইন্ড বলেছেন, বাংলাদেশ প্রতিবারই তাদের নতুন করে বিস্মিত করে।
ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ জানান স্কালোনি। সেমিফাইনালের মহারণে জয় তুলে নিয়ে কোটি কোটি বাংলাদেশি ভক্তদের মুখে চওড়া হাসি ফোটানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশি অনুরাগী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্কালোনি বলেন, “বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ। সত্যি বলতে এটি এক অসাধারণ অনুভূতি। বাংলাদেশের মানুষ সবসময়ই আমাদের চমকে দেয়। এত দূরে অবস্থান করেও তারা আর্জেন্টিনার প্রতি যে গভীর উন্মাদনা ও ভালোবাসা দেখায়, তা সত্যি অবিশ্বাস্য। নিজের দেশের সীমানা ছাড়িয়ে অন্য কোনো দেশের মানুষকে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি গায়ে জড়াতে দেখা দারুণ এক গর্বের অনুভূতি।” তিনি আরও যোগ করেন, “আশা করি আজ জয় ছিনিয়ে এনে আমরা বাংলাদেশের সকল সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।”
বাংলাদেশের সমর্থনের প্রসঙ্গের পাশাপাশি নিজের বর্তমান দল ও পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, নকআউট পর্ব পেরিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেওয়া মোটেও সহজ কথা নয়, যা তাদের মাঠের পারফরম্যান্সের পরিসংখ্যান দিয়েই প্রমাণিত। বিশ্বমঞ্চে সেরা চারে ওঠা খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, বিশ্বকাপের নকআউট পর্বের প্রতিপক্ষদের কাটিয়ে ওঠার এই কঠিন প্রতিকূলতাই জয়ের আসল আনন্দ এনে দেয়।
সেমিফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড এবং তাদের তারকা ফুটবলার হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের বিশেষ প্রশংসা করেন স্কালোনি। তবে এই বিশ্বসেরা দুই তারকাকে নিষ্ক্রিয় রাখতে আর্জেন্টিনার নিজস্ব সুনির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একইসঙ্গে ঐতিহাসিক ফকল্যান্ড যুদ্ধ নিয়ে উঠা প্রসঙ্গে স্কালোনি স্পষ্ট জানিয়ে দেন, ফুটবল সম্পূর্ণ আলাদা একটি খেলা এবং এই ঐতিহাসিক সংঘাতের সঙ্গে ফুটবলের জয়-পরাজয়কে মে মেলানো ঠিক নয়। মর্যাদাপূর্ণ এই ম্যাচটি নিছক একটি ফুটবল সেমিফাইনাল হিসেবেই দেখছেন তিনি।
টিএইচএ/
