নোয়াখালীতে নতুন গ্যাস কূপের সন্ধান, খনন কাজ শুরু

by Fatih Work

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে একটি নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। ৪৫ দিন খনন এবং পরবর্তীতে ১৫ দিন ‘ডিএসটি’ (ড্রিল স্টিম টেস্ট) পরীক্ষা শেষে কূপটিতে মজুতকৃত গ্যাসের সঠিক পরিমাণ জানা যাবে। তবে কূপটির সফল খনন ও পরীক্ষা সম্পন্ন হলে এখান থেকে প্রতিদিন আনুমানিক ৭ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই নতুন কূপটির খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে। বুধবার সকাল থেকে সেখানে পুরোদমে খনন কার্যক্রম চলছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’। বাপেক্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে মাটির নিচে ১ হাজার ৩৬১ মিটার এবং ১ হাজার ৪৫০ মিটার গভীরতায় দুটি পৃথক জোনে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি পাওয়া যেতে পারে। সম্পূর্ণ আধুনিক ‘ডিরেকশনাল ওয়েল’ পদ্ধতিতে ‘এমডব্লিউডি’ প্রযুক্তির সাহায্যে খনন কাজ পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন
banner

সুন্দলপুর-৪ প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই খনন কাজ টানা ৪৫ দিন ধরে চলবে। এরপর ১৫ দিনের ডিএসটি টেস্ট পরিচালনা করে চূড়ান্ত মজুত নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ অঞ্চলে ১৯৭৬ সালে প্রথম এবং ১৯৭৮ সালে দ্বিতীয় কূপে অনুসন্ধান চালানো হলেও পরবর্তীতে সেখানে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে ২০১৩ সালে সন্ধান মেলা তৃতীয় কূপে ২০১৮ সালে সফল ‘ওয়ার্কওভার’ সম্পন্ন করার পর থেকে বর্তমানে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। তা ছাড়া এই অঞ্চলে বাপেক্সের ‘সুন্দলপুর-১’, ‘সুন্দলপুর-২’ এবং ‘সুন্দলপুর-৩’ নামে তিনটি কূপ ছিল। বর্তমানে সুন্দলপুর-২ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। বন্ধ থাকা সুন্দলপুর-৩ কূপে পুনরায় ওয়ার্কওভারের কাজ শেষে সেখান থেকেও দ্রুত গ্যাস উত্তোলন শুরু করার প্রস্তুতি চলছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222