চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচার পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশব্যাপী সাড়ম্বরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার দেশের প্রতিটি জেলায় বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের দিনটি উদযাপন করে দলটি। এই উপলক্ষে নারায়ণগঞ্জ শহীদ মিনারে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল দুটি—একটি হলো স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করা এবং অন্যটি ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপ সাধন করা।
ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয় উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ হলো একটি দমনমূলক রাজনৈতিক চিন্তা ও চর্চা, যা আওয়ামী লীগ করেছিল। ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ঘটলেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে ফ্যাসিবাদের পতন এখনো নিশ্চিত করা যায়নি। সংস্কার নিয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় এবং গুম প্রতিরোধ আইনে পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়ায় গুমের বিচার প্রক্রিয়াকে জটিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলামের সভাপতিত্বে সমাবেশে মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত বদলে হাজার বছরের চর্চিত ইসলামই একমাত্র কার্যকর সমাধান হতে পারে এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত গণসমাবেশ ও মিছিলে স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন এবং জুলাইয়ের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামভিত্তিক নীতি ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
টিএইচএ/
