উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমাবেশ, রামুতে শোডাউন

by Abid vs36

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু ও উখিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের গোপন কর্মী সমাবেশ ও ঢাকা-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল শোডাউনের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) সংঘটিত এসব ঘটনার জের ধরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়েরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী পার্ক সংলগ্ন এলাকা থেকে ছাত্রলীগের একটি বড় মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে জোয়ারিয়ানালার দিকে এগিয়ে যায়। জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে বহর থেকে নানা সরকারবিরোধী স্লোগান দেন। শোডাউনের বিষয়টি স্বীকার করে রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক জানান, রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতাকর্মী একত্র হয়ে এই মিছিলে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন
banner

তবে রামুর এই শোডাউনের সময়কাল নিয়ে ভিন্ন মত পোষণ করেছে পুলিশ। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে রামুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশ পরিষ্কার দেখা গেছে। ফলে ঘটনাটি আগের হতে পারে বলে তাঁর ধারণা। তবে রামু উপজেলা ছাত্রদলের নেতারা নিশ্চিত করেছেন যে শোডাউনটি রোববারেরই এবং এর প্রতিবাদে মাঠে নামার ঘোষণা দিয়েছেন তাঁরা।

এর আগে গত শনিবার (২৫ জুলাই) দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলবুনিয়া এলাকায় ছাত্রলীগের উদ্যোগে এক গোপন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘটনার পরপরই এর প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উখিয়ায় ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

উখিয়ার এই গোপন বৈঠকের পর রোববার দুপুরে উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া জানান, গোপন বৈঠকে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, মহাসড়ক অবরোধ ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ১১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হুদা ও ছাত্রলীগ আহ্বায়ক তারেক হোসেন মানিকসহ শীর্ষ নেতারা রয়েছেন।

মামলা ও অভিযানের বিষয়ে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মিলন বড়ুয়া ও আবু নাসের মোহাম্মদ ইমরান নামে দুই আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা জুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222