সিলেটের শাহপরাণ থানাধীন খাদিম চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের খাদিম চৌমুহনী পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৪টি আধুনিক স্মার্টফোন আলামত হিসেবে জব্দ করে আভিযানিক দল।
আটককৃতরা হলেন— সিলেট মহানগরীর বিমানবন্দর (এয়ারপোর্ট) থানাধীন খাদিম চা-বাগান এলাকার বাসিন্দা দীপ্ত চাষা (২১), অজয় কল (২৬), পাপলু তন্তবায় (২৬) এবং অন্তর নায়ক (২০)।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল খাদিম চৌমুহনী পয়েন্ট এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি সটকে পড়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ওই চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে জুয়া খেলার উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিল। জব্দকৃত মোবাইল ফোনগুলো নিবিড়ভাবে পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার স্বপক্ষে বেশ কিছু জোরালো আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আরও জানায়, তারা ‘বিডিত্রিপলটুডটকম’, ‘শিলং তীর’, ‘নাইট তীর’ এবং ‘জুয়াই তীর’ সহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহার করে অবৈধ জুয়ার কারবার পরিচালনা ও বাজি ধরে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার (২৬ জুলাই) র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাঁদের সংশ্লিষ্ট শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনলাইন জুয়াসহ যেকোনো সামাজিক অপরাধ দমনে র্যাবের এমন গোয়েন্দা নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
টিএইচএ/
