৩৬নিউজ ডেস্ক: দেশের বাজারে সোনার দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য নিশ্চিত করেছে। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটি জানায়, পরবর্তীতে নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। অলঙ্কারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে নির্ধারিত ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার কেনাবেচা ও পরিবর্তনের ক্ষেত্রে বাজুসের পূর্ব নির্ধারিত নীতিমালা বহাল থাকবে।
উল্লেখ্য, গতকাল সোমবারও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
টিএইচএ/
