রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।
সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের মেধা, প্রতিভা ও নান্দনিক মননশীলতার বিকাশে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। এর আওতায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত সফলতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশ থেকে স্কুল পর্যায়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এই বিশাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নিখুঁত বিচারে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হবে।
এ প্রতিযোগিতা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; পাশাপাশি প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ ও প্রশংসনীয় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এ বছর অনন্য সম্মাননায় ভূষিত করা হচ্ছে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে সারাদেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননার জন্য চূড়ান্ত করা হয়েছে।
টিএইচএ/
