শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

by Abid vs36

দেশের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আমাদের এই প্রিয় বাংলাদেশকে আরও সবুজ, শীতল ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা চেষ্টা করবে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর জন্য। সেটা তোমার স্কুলের আঙিনায় হোক কিংবা তোমার বাসার আশেপাশে হোক—যেখানেই সুযোগ মনে করবে একটি করে গাছ রোপণ করবে।”

পরিবেশ সচেতনতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “গাছটি কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এবং মানবজীবনে ওই গাছের উপকারিতা কী কী—এই বিষয়গুলো তোমরা ইন্টারনেটে গবেষণা করে বিস্তারিত শিখবে। এতে করে প্রতি বছর তোমরা নতুন একটি গাছ ও তার গুণাগুণ সম্পর্কে জানতে পারবে।”

গাছের উপযোগিতা তুলে ধরে তারেক রহমান যোগ করেন, “তোমাদের হাতে রোপণ করা গাছগুলো যখন বড় হবে, স্কুলে খেলার পর ক্লান্ত হয়ে সব বন্ধুরা সেই গাছের ছায়ায় স্বস্তির বিশ্রাম নিতে পারবে। আবার বাসায় রোপণ করা গাছগুলো বেড়ে উঠলে চমৎকার ঠান্ডা বাতাস উপভোগ করা যাবে, যা ঘরের পরিবেশকেও শীতল রাখবে। আসুন, আমরা সবাই মিলে আমাদের ভালোবাসার বাংলাদেশটাকে আরও সবুজ করে গড়ে তুলি।”

উল্লেখ্য, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের মেধা ও মননশীলতার বিকাশে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্রীড়া, সংস্কৃতি, কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত এই প্রতিযোগিতায় দেশের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে ধাপে ধাপে বাছাইকৃত বিজয়ীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে এবং প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিতদের বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222