জাতীয় বার্ন ইনস্টিটিউটে মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাত থেকে রূপনগরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভীড় করছেন স্বজনহারা পরিবারের লোকেরা। নিহত স্বজনদের পরিচয় জানতে রাত থেকেই তারা অপেক্ষা করছেন।
এদিকে রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ভেতরে আর কোনো লাশ রয়েছে কি না তা অগ্নিনির্বাপণ প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত হওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
বুধবার (১৫ অক্টোবর) আগুন লাগা কেমিক্যাল গোডাউনের সামনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
কাজী নজমুজ্জামান বলেন, গারমেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমেও সমস্যা হচ্ছে। তাই আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি ভেতরে আর কোনো লাশ নেই। তবে ভেতরে যেহেতু প্রচুর ধোঁয়া রয়েছে, পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারব আর কোনো লাশ রয়েছে কি না।
এআইএল/
