এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। হংকংকে হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা আজ রাতে নামবে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে—যেখানে ম্যাচটি সুপার ফোরে ওঠার পথে সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকে শুরু করে ২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করা পর্যন্ত দুই দলের লড়াইয়ে তৈরি হয়েছে আলাদা আবহ। সম্পর্কের উত্তাপ কিছুটা কমলেও মাঠের প্রতিদ্বন্দ্বিতা এখনও সমানে সমান।
হংকংয়ের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ এখন ভালো ফর্মে আছে। অন্যদিকে শ্রীলঙ্কা আজই নামছে এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে। বিশ্লেষকদের মতে, এই কারণে বাংলাদেশ কিছুটা এগিয়েই থাকবে।
টি-টোয়েন্টিতে মুখোমুখি পরিসংখ্যান:
- মোট ম্যাচ: ২০
- শ্রীলঙ্কা জয়: ১২
- বাংলাদেশ জয়: ৮
তবে সাম্প্রতিক পারফরম্যান্সে টাইগাররা এগিয়ে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশ সিরিজ জিতেছে, যা আজ দলের অনুপ্রেরণা হবে।
বাংলাদেশের পেস অলরাউন্ডার তানজিম হাসান সাকিব বলেছেন, “আমরা যে দলের সঙ্গেই খেলি না কেন, লক্ষ্য শুধু জয়। শ্রীলঙ্কাকে সম্মান করি, তবে পরিকল্পনা মতো খেলতে পারলে জেতার সম্ভাবনা আমাদেরই বেশি।”
বিশ্লেষকদের মতে বাংলাদেশ এগিয়ে তিন কারণে:
১. সাম্প্রতিক দ্বৈরথে জয়।
২. হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত সূচনা।
৩. শ্রীলঙ্কার এবারে এখনও মাঠে না নামা।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: ইমন, তানজিদ, লিটন দাস (অধিনায়ক ও কিপার), হৃদয়, জাকের আলি, শামীম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: নিসাঙ্কা, কুশল মেন্ডিস (কিপার), মিশারা, কুশল পেরেরা, আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, হাসারাঙ্গা, চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।
হাআমা/ এইচএ/
