টসের সময় হাত মেলালেন না দুই অধিনায়ক। কোনোরকম কথাও বললেন না সালমান আলি আগা ও সুর্যকুমার যাদব। ম্যাচ শেষেও অভিন্ন চিত্র। দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা গেল না। এর পেছনে কারণ স্পষ্ট- সাম্প্রতিক সময়ে দুই দলের রাজনৈতিক পরিস্থিতি।
ম্যাচ শেষে সেটি আরও স্পষ্ট হলো সুর্যকুমার যাদবের কথায়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যাচ সম্পর্কিত সব প্রশ্নোত্তরের পর তিনি নিজ থেকেই আনেন পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ। একইসঙ্গে নিজেদের জয়টি উৎসর্গ করেন বীর সেনাদের উদ্দেশ্যে।
গত এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন ভারতের অন্তত ২৬ জন নাগরিক। একই ঘটনায় আহত হন আরও অনেকে। শুরু থেকেই পাকিস্তানকে দায় দিয়ে আসছে ভারত। এমনকি তাদের বিপক্ষে কোনোরকম খেলাও না খেলার আওয়াজ তুলেছেন অনেকে।
সাবেক ক্রিকেটারদের নিয়ে করা টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচ পর্যন্ত খেলেনি ভারত। এশিয়া কাপেও তাদের সঙ্গে ম্যাচটি বয়কটের ডাক দিয়েছেন ভারতের অনেকে। শেষ পর্যন্ত তা হয়নি।
তবে সাম্প্রতিক ঘটনার রেষ দেখা গেল ম্যাচ শুরুর আগে-পরে। যেখানে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো বন্ধুত্বসুলভ সৌজন্যতা করতে দেখা যায়নি ভারতের ক্রিকেটারদের। মাঠের লড়াইয়েও পাকিস্তানকে পাত্তা দেয়নি সুর্যকুমারের দল।
কুলদিপ যাদব ও অক্ষর প্যাটেলের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৭ রানে আটকে রাখে ভারত। পরে অভিষেক শর্মা, তিলক ভার্মা ও সুর্যকুমারের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে মাত্র ১৫.৫ ওভারেই ম্যাচ জিতে যায় এশিয়া কাপের ৮ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে জয়টি উৎসর্গ করার সিদ্ধান্ত জানান সুর্যকুমার।
“আমি একটা জিনিস বলতে চাই। আমি মনে করি, এটিই সবচেয়ে সঠিক সময়। পেহেলগামে সন্ত্রাসী হামলায় আক্রান্ত পরিবারগুলোর পাশে আছি এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।”
“একইসঙ্গে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এই জয়টি আমাদের আর্মড ফোর্সকে উৎসর্গ করতে চাই, যারা সবসময় সাহসিকতা দেখিয়ে এসেছে। আশা করি, তারা এটি চলমান রাখবে এবং আমরা মাঠে যখনই সুযোগ পাব, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।”
তথ্যসূত্র: টি স্পোটস
টিএইচএ
