ভারত ম্যাচের আগে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by Nur Alam Khan

>>তনবিরুল হক আবিদ

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলনে সতীর্থদের সঙ্গে হাসি-রসিকতা করেই মাঠে এলেন লিটন দাস। দল ভালো খেলছে, আর তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সেই লিটন দাসকে নিয়েই এবার কিছুটা দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন
banner

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে তিন দিনের বিরতি পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে একদিন অনুশীলন করেছেন লিটনরা। ওই অনুশীলন সেশনেই মাঠে ঘটেছে বিপত্তি। অনুশীলনের শুরুতে সব ঠিক থাকলেও ব্যাটিংয়ের সময় পাঁজরের পাশের পেশিতে চোট পান লিটন। এরপর আর ব্যাটিং করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। টিম ম্যানেজমেন্ট তাৎক্ষণিক জানিয়েছে, চোট গুরুতর নয়। তবু পুরো বিষয়টি নিয়ে কিছুটা সতর্ক তারা।

মঙ্গলবার দলের কোনো অনুশীলন ছিল না। ফলে পুরো দিনই বিশ্রামে কাটিয়েছেন লিটন দাস। তবে গতকাল দুবাইয়ে তার একটি এমআরআই করার কথা ছিল। আজ রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্র বলছে, লিটন স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন। কিছুটা শঙ্কা থাকলেও এখনই ভারত ম্যাচে তাকে হারিয়ে ফেলার মতো অবস্থা মনে করছে না টিম ম্যানেজমেন্ট।

এশিয়া কাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১১৯ রান করে শীর্ষ ছয় ব্যাটারদের একজন লিটন। মাঠের ভেতরে ব্যাট হাতে যেমন অবদান রেখেছেন, তেমনি টসেও বাংলাদেশকে ভালো সিদ্ধান্ত এনে দিয়েছেন। সাফল্যের সঙ্গে রান তাড়া করতে হলে টস জিতে বোলিং নেওয়াটাই এখন দলগুলোর পছন্দ। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এ ক্ষেত্রে বেশ সৌভাগ্যবান। তিন ম্যাচে টস জিতে তিনবারই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি, আর তিনটিই কাজে লেগেছে। বাংলাদেশের তিন জয়ের দুটিই এসেছে রান তাড়া করে—একটি শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে, আরেকটি গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে। এমন একজন ফর্মে থাকা অধিনায়কের চোট দলের জন্য যেমন দুশ্চিন্তার, তেমনি ম্যাচের আগমুহূর্তে বড় একটি দিক পরিবর্তনের কারণও হতে পারে। এখন সবকিছুই নির্ভর করছে লিটনের এমআরআই রিপোর্টের ওপর।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222