আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরেই সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিমানবন্দরে খেলোয়াড়দের লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন একদল মানুষ। পরে ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম নিজের ফেসবুক পেজে লেখেন, “ঘৃণা নয়, ভালোবাসা চাই।” কিন্তু তাঁর সেই পোস্টেও আসে তীব্র বিরূপ মন্তব্য।
সাম্প্রতিক এসব বিতর্ক নিয়েই আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ‘ফিল সিমন্স’। প্রশ্ন শোনার পরই তিনি বললেন, “খুব খুশি হলাম, প্রসঙ্গটা আপনি তুলেছেন।”
সিমন্স বলেন,
সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের কিছু লেখার সঙ্গে আমি একমত নই। ব্যক্তি হিসেবে কিছু বলা আপনার অধিকার, কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে এসব প্রকাশ করা উচিত নয়। সমালোচনার জবাব দিতে হবে মাঠে খেলার মাধ্যমেই।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের প্রতি বিদ্বেষ বা কটূ মন্তব্যেরও সমালোচনা করেন সিমন্স। তিনি বলেন, “আমি আরও একটা বিষয় স্পষ্ট করতে চাই। কোনো খেলোয়াড়কে নিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা খুবই লজ্জাজনক। আপনি কোন এলাকার, তাতে কিছু আসে যায় না। আমি জাকের আলীকে নিয়ে এমন মন্তব্যে খুবই বিরক্ত। এটা ঠিক নয়।”
কোচের মতে, খেলোয়াড়দের মনোযোগ থাকা উচিত শুধুমাত্র ক্রিকেটে। “শেষ সিরিজটা যেমন কেটেছে, সেটি পেছনে ফেলে সামনে তাকাতে হবে। আমরা এর চেয়ে অনেক ভালো দল। আজ আমরা এমনভাবে অনুশীলন করেছি যাতে কাল মাঠে ভালো পারফর্ম করতে পারি,” যোগ করেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের দুঃস্বপ্ন ভুলে নতুন শুরু করতে চায় বাংলাদেশ। আগামীকাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। কোচ সিমন্সের প্রত্যাশা—সামাজিক যোগাযোগমাধ্যম নয়, পারফরম্যান্সের মাধ্যমেই জবাব দেবেন তাঁর খেলোয়াড়রা।
টিএইচএ/
