ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফল ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ। অতিথিদের বিপক্ষে কুড়ি কুড়ি মিশনে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। উইকেটকিপার ব্যাটারের নেতৃত্ব আগামীকাল চট্টগ্রামে খেলতে নামবে বাংলাদেশ।
নিঃসন্দেহে লিটন দাসের দলের অন্যতম শক্তি সাইফ হাসান। সাম্প্রতিক ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে এই স্পিন অলরাউন্ডার কোচ-ক্যাপ্টেন ও টিম ম্যানেজমেন্টের মনি কোঠায়। আগামীকাল সিরিজের প্রথম টি টোয়েন্টির আগেও সাইফ প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিতে হয়েছে লিটন দাসকে। সেখানে তিনি জানিয়েছেন, ২৬ বর্ষী অলরাউন্ডারের কোন বিষয়গুলো তাকে মুগ্ধ করে।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের হয়ে কথা বলেছেন লিটন। সেখানে সাইফকে নিয়ে ক্যাপ্টেনের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইমপ্রেস করেছে তার ক্রিকেট খেলা। সে তো ক্রিকেট প্লেয়ার। তার যে-কোনো কিছু করতে চাইলেই ভালো লাগতেছে। একটা পজিটিভ সাইন হচ্ছে যখন সে টি-টোয়েন্টি ফরম্যাটে আসলো, ব্যাটিং প্লাস বলিংও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে, সাকসেস এবং ব্যাটিংতেও সাকসেস হচ্ছে।’
লিটন যোগ করেন, ‘ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলছে ফ্রি-লি, এভাবেই যেন খেলে এবং তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল থাকে সবসময় সে ভালো খেললে বাংলাদেশ টিমের জন্য বেটার করবে।’
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৭৯ রানের বড় জয় উপহারের ম্যাচে অসুস্থ শরীর নিয়ে খেলেছেন সাইফ হাসান। ওয়ানডে অভিষেক হওয়া স্পিন অলরাউন্ডার সিরিজের শেষ ওয়ানডেতে করেছেন ৭২ বলে ৮০ রান। দুর্দান্ত এ ইনিংসের পর প্রশংসায় ভাসছেন সাইফ।
এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে দারুণ ছন্দে ছিলেন সাইফ। বিশেষ করে তার স্ট্রেইট ড্রাইভ মুগ্ধ করেছে সবাইকে। নিশ্চিত অতিথিদের বিপক্ষে ভালো শুরুর জন্য তার দিকে চেয়ে থাকবে বাংলাদেশ।
টিএইটএ/
