আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আগা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আধুনিক সামরিক প্রযুক্তি অর্জন এখন সময়ের দাবি।
মঙ্গলবার (৪ নভেম্বর) কাবুলে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে তিনি বর্তমান ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষার গুরুত্বের পাশাপাশি দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের যুগে কেবল সাধারণ অস্ত্র, যেমন কালাশনিকভ, দিয়ে দেশ রক্ষা করা সম্ভব নয়। এখন প্রতিরক্ষার জন্য প্রয়োজন ভারী কামান, বোমা ও যুদ্ধবিমান।’
তিনি আরও বলেন, আফগানিস্তানকে নিজস্ব সামরিক সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভর হতে হবে। উন্নত সামরিক সরঞ্জামের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা থেকে মুক্তি না পেলে প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়।
হাবিবুল্লাহ আগা বলেন, ‘রাশিয়া, ভারত, ইরান বা পাকিস্তান যদি আমাদের অস্ত্র দেয়, তারা কখনোই এমন কিছু দেবে না যা তাদের বিরুদ্ধেই ব্যবহার করা যায়। তাই আমাদের নিজেদের সক্ষমতা তৈরি করতেই হবে।’
সাম্প্রতিক পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের স্থলযুদ্ধের সক্ষমতা দুর্বল হলেও তাদের বিমান শক্তি উন্নত। ‘আমরা দেখেছি, স্থলযুদ্ধে পাঞ্জাবিরা পিছু হটেছে; কিন্তু যখন তারা রকেট হামলা চালায়, তখন আমাদের প্রতিরোধের কোনো উপায় ছিল না,’—বলেন আফগান শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন, ‘এমন প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের জন্য দৃঢ় সংকল্প ও অবিচল প্রচেষ্টা প্রয়োজন।’
আধুনিক সামরিক সরঞ্জাম ও জাতীয় আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিষয়টি ইমারাতে ইসলামিয়ার শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বারবার গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সূত্র: টোলোনিউজ
অনুবাদ: হাসান আল মাহমুদ
হাআমা/
