সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে ভাগ্য সহায় হলো না বাংলাদেশে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি। আজ সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে টেস্ট সিরিজের ১ম ম্যাচ।
শান্ত জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাট করতেন। ফলে টস হারায় কিছুটা পিছিয়ে শুরু করতে হচ্ছে বাংলাদেশকে।
বাংলাদেশ দলে টেস্ট অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। দেশের হয়ে এটি তার প্রথম টেস্ট, আর তিনি বাংলাদেশের ১০৮তম টেস্ট ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে মুরাদের শিকার ১৬৫ উইকেট।
বাংলাদেশ একাদশে তিন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও হাসান মুরাদ—এবং দুই পেসার—হাসান মাহমুদ ও নাহিদ রানা—নিয়ে মাঠে নেমেছে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টের একাদশে এসেছে দুই পরিবর্তন: এনামুল হক বিজয় ও নাঈম হাসানের জায়গায় ফিরেছেন মাহমুদুল হাসান জয় ও মুরাদ।
আয়ারল্যান্ডের একাদশেও রয়েছে দুই নতুন মুখ। টেস্টে অভিষেক হচ্ছে বোলিং অলরাউন্ডার জর্ডান নিল ও ২৩ বছর বয়সী ক্যাড কারমাইকেলের। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নিজেদের একাদশ সাজিয়েছে অতিথিরা।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), পল স্টারলিং, ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ, ক্রেইগ ইয়ং।
টিএইচএ/
