গত অক্টোবরে দুটি প্রীতি খেলতে নেপালে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে সময় দলের সঙ্গে হামজা চৌধুরীর যাওয়ার একটা কথা উঠেছিল। লেস্টার সিটির তারকাতে সামনে থেকে দেখার জন্য তখন মুখিয়ে ছিল দেশটির ফুটবল সমর্থকেরা। তাঁর যাওয়া নিয়ে তুমুল আগ্রহ, উন্মাদনা।
শেষ পর্যন্ত হামজাকে ছাড়াই নেপাল সফর করে বাংলাদেশ। সমিত সোমও আসেননি ওই দুই ম্যাচ খেলতে। সব ঠিক থাকলে এবার ঘরের মাঠে সেই নেপালের বিপক্ষে খেলবেন বাংলাদেশের ফুটবলের মধ্যমনি হয়ে ওঠা এই দুই মিডফিল্ডার। আর তাঁদের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চ অনুভব করছেন নেপাল অধিনায়ক কিরণ লিম্বু।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মলনে হেড কোচের সঙ্গে আসেন লিম্বু। সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয় নিজ দেশে হামজাকে নিয়ে, এই ম্যাচ নিয়ে সেই আগ্রহটা এখনও আছে কি না। জবাবে নেপাল অধিনায়ক বলেন,
‘আমিও তাঁকে (হামজা) নেপালে আশা করেছিলাম; তাঁর বিপক্ষে খেলার জন্য উন্মুখ ছিলাম। যদিও সে সময় তিনি আসেননি। এবার ঢাকায় তাঁর বিপক্ষে খেলব। নেপালের সব ফুটবল সমর্থকেরা এই ম্যাচের নিউজ দেখছে, আপডেট রাখছে।’
আগামীকাল ফিফা প্রীতি ম্যাচে নেপালকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হতে যাওয়া খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
টিএইচএ/
