বিএনপি মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম বলেছেন, দেশের আলেমরাই পারেন মানুষের মাঝে আল্লাহ ভীতি তৈরি করে তাদের খারাপ কাজ থেকে বিরত রাখতে।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ভাটারা থানাধীন সব মসজিদ-মাদরাসার খতিব, ইমাম ও আলেম উলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ কাইয়ুম বলেন, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে বিগত বছরগুলোতে আলেম-উলামারা নানা ধরনের হত্যা-গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের দিয়ে আলেমদের দমাতে গিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করা হয়। সেই রক্তের ঋণ এখনো শোধ হয়নি।
তিনি বলেন, বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমরা বাংলাদেশকে একটি আধুনিক ইসলামিক দেশ বানাতে চাই। মুসলিমভিত্তিক সমাজব্যবস্থা চালু করতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে যে জুলুম-নির্যাতন, মাদক ও অন্যায় অত্যাচার আছে তা অনেকাংশে কমে যাবে।
তিনি বলেন, আপনি যতবড় মন্ত্রী হন, এমপি হন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সমাজে থেকে অন্যায় করে আপনি পার পেলেও মৃত্যুর পর আপনাকে জবাবদিহি করতে হবে। আমরা কেউই জবাবদিহির ঊর্ধ্বে নই।
আলেম-উলামাদের উদেশ্যে ড. এম এ কাইয়ুম বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে আপনাদের অবদান অনস্বীকার্য। সামাজিক অবক্ষয় রোধে কোরআন হাদিসের শিক্ষার বিকল্প নেই। সামাজিক অপরাধ দমনে মুসলমানদের কোরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে।
এআইএল/
